জাবিতে আমরণ অনশনে আরো ২ শিক্ষার্থী
আমরণ অনশনকারী দুই শিক্ষার্থীর সঙ্গে যোগ দিয়েছেন আরো দুই শিক্ষার্থী। এ দিকে শিক্ষার্থীদের অনশনের মুখে জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জরুরি সিন্ডিকেট সভায় বসার বিষয়টি নিশ্চিত করে আজ রোববার দুপুর দেড়টার দিকে এনটিভি অনলাইনকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, এখনি শুরু হবে সিন্ডিকেট সভা।’
অনশনে নতুন যুক্ত হওয়া শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী তাহমিনা জাহান তুলি এবং আইন ও বিচার বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মুনতাসির আরমান।
এর আগে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, তদন্ত কমিটি পুনর্গঠন, পুলিশি হামলার বিচার, সড়ক নিরাপত্তার দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রথমে গতকাল শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন ইংরেজি বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী সর্দার জাহিদ। বিকেলে তাঁর সঙ্গে যোগ দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী পূজা বিশ্বাস।
পরে রাত সাড়ে ১০টার দিকে তাহমিনা জাহান তুলি এবং আজ সকাল সাড়ে ৭টার দিকে মুনতাসির আরমানও তাঁদের সঙ্গে আমরণ অনশনে বসেন।
অনশনকারী শিক্ষার্থীরা ব্যক্তি উদ্যোগে অনশনে বসেছেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’-এর সঙ্গে সংহতি জানিয়েছেন বলে জানা গেছে।
গত ২৬ মে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হলে প্রতিবাদে পরের দিন ২৭ মে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। একপর্যায়ে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা, গুলি, টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অবস্থিত কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ঘটনায় আন্দোলনকারী ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবি সংবাদদাতা