জাবির অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ
মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। আজ রোববার বিকেলে অনশনরত ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী সরদার জাহিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী পূজা বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তৌহিদ হাসান বলেন, ‘তাঁদের ডিহাইড্রেশনের (পানিশূন্যতা) সমস্যা সৃষ্টি হয়েছে। একজনের রক্তচাপ কমে গেছে। স্যালাইন দেওয়া হয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা লাগতে পারে।'
এদিকে, মামলার ব্যাপারে নিজেদের অবস্থান বদলায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অনশনরত শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ (রোববার) দুপুর দেড়টার দিকে জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। সন্ধ্যা ৬টার দিকে সিন্ডিকেট সভা শেষে সভার সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করতে আহ্বান জানিয়ে বলা হয়, ‘বিচারাধীন ও তদন্তাধীন বিষয়কে প্রভাবিত করা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আন্দোলনরত ও অনশনরত শিক্ষার্থীদের বিরত থাকতে বলা হয়েছে।’

একই সঙ্গে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয় এবং বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ থেকে আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থী সরদার জাহিদ। পরে তাঁর সঙ্গে আরো তিন শিক্ষার্থী অনশনে যুক্ত হন।
গত ২৬ মে ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হলে প্রতিবাদে পরদিন ২৭ মে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অবস্থিত কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ঘটনায় আন্দোলনকারী ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টার দায়ে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবি সংবাদদাতা