রাবিতে আন্তর্জাতিক ফোকলোর সেমিনার ২৮ জুলাই শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক ফোকলোর সেমিনার-২০১৭ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ জুলাই।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ও আন্তর্জাতিক ফোকলোর সেমিনারের সাংগঠনিক কমিটির সমন্বয়ক ড. মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।
জাহাঙ্গীর হোসেন জানান, রাজশাহী শাখা ফোকলোর গবেষণা কেন্দ্র ও ভারতের কলকাতাভিত্তিক ফোকলোর সংগঠন ‘লৌকিক’-এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘ফোকলোর ইন দ্য ডিজিটাল ইরা’ শীর্ষক সেমিনার হবে। এতে প্রধান আলোচক থাকবেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস বরুণ কুমার চক্রবর্তী।
সেমিনারে প্রধান অতিথি থাকবেন রাবির উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাবির সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল খালেক। সেমিনারে উদ্বোধন করবেন রাবির ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. আখতার হোসেন, স্বাগত বক্তব্য দেবেন লৌকিকের সম্পাদক সুমহান বন্দ্যোপাধ্যায়।
জাহাঙ্গীর হোসেন আরো জানান, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদ আসকারী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আল-নকীব চৌধুরী, রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ আবদুল জলিল ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা।
দুদিনব্যাপী এ সেমিনারে আনন্দ র্যালি, বিশ্বায়ন, পরিবেশ ও ফোকলোরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রাবি সংবাদদাতা