শিক্ষকদের পক্ষ নিলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র প্রতিনিধি ছাড়া উপাচার্য প্যানেল নির্বাচনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় হাতাহাতির ঘটনায় শিক্ষকদের পক্ষ নিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান।
আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্র-শিক্ষকদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার পর রাত ৮টায় ফেসবুকে শিক্ষকদের পক্ষ নিয়ে একটা স্ট্যাটাস দেন আবিদ হাসান।
স্ট্যাটাসে ঢাবি ছাত্রলীগের সভাপতি লেখেন, ‘যে বাম ছাত্র সংগঠনের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষকরা নিরাপদ না সেখানে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে কীভাবে?
বি : দ্র :- আবার তারা প্রগতিশীল ছাত্রসংগঠন দাবি করে!!!’

গত বছরের পয়লা জুলাই আবিদ আল হাসানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও লাঞ্ছিত করে সংগঠনের নেতাকর্মীরা। ওই ঘটনায় ছাত্রলীগ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। সেদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে রাত পর্যন্ত বিক্ষোভ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
ওই দিন শিক্ষককের বিরুদ্ধে ও আজকে শিক্ষককের পক্ষ নেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘আমাদের আদর্শের সাথে যেটা যাবে না, অবশ্যই আমরা তার বিরুদ্ধে দাঁড়াব, এটাই স্বাভাবিক। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি এবং তাঁর আদর্শ ধারণ করে চলি। আর যারা বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে কাজ করে আমরা তার বিরুদ্ধে দাঁড়াব।’

মামুন তুষার