রুয়েট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সম্মেলনের প্রায় আট মাস পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের ১৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আজ সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাঈম রহমান নিবিড় জানান, গতকাল রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।
নাঈম রহমান নিবিড় আরো জানান, ১৫২ সদস্যের কমিটিতে সহসভাপতি পদ পেয়েছেন ৩৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন নয়জন, সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন নয়জন, সহসম্পাদক ২৭ জন, প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ বিভিন্ন সম্পাদক পদ পেয়েছেন ৫০ জন। এ ছাড়া সদস্য হিসেবে ২১ জনকে পদ দেওয়া হয়েছে।
২০১৬ সালের ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের চার দিন পর ১১ ডিসেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রাবি সংবাদদাতা