বুধবার বিক্ষোভের ডাক ঢাবি শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতির ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। আগামী বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে এই কর্মসূচি পালন করা হবে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাছুদ আল মাহদী।
লিখিত বক্তব্যে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের ওপর শিক্ষক ও কর্মচারীদের হামলার নিন্দা জানিয়ে মাছুদ বলেন, ডাকসু নির্বাচনের দাবিতে এবং অগণতান্ত্রিক চর্চার প্রতিবাদ জানাতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রশাসনিক ভবনের সামনে যাওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। সেখানে গিয়ে তারা মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে চেয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই ভবনের ফটকে তালা ঝুলিয়ে রাখে। গণতান্ত্রিক আন্দোলনের কথা ভেবে শিক্ষার্থীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ১৫-২০ জন শিক্ষক তাদের ওপর হামলা করে। এতে ছয় থেকে সাতজন শিক্ষার্থী আহত হয়।
আন্দোলনের সমন্বয়ক মাছুদ বলেন, ‘এ ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু আমাদের কোনো প্রতিনিধি রাখেনি। তাই স্পষ্টতই বোঝা যাচ্ছে, এটি একটি প্রহসনের তদন্ত হবে। এই তদন্ত কমিটি থেকে নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন আশা করা বাতুলতা বলে মনে করছি।’
সংবাদ সম্মেলনে চারটি দাবি উপস্থাপন করা হয়। তাদের দাবিগুলো হলো- অবিলম্বে ডাকসু নির্বাচন দেওয়া, শিক্ষার্থীদের প্রতিনিধিসহ স্বাধীন তদন্ত কমিটি গঠন, হামলার নেতৃত্বদানকারী সহকারী প্রক্টর রবিউল ইসলামের পদত্যাগ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাদেশ ১৯৭৩ এর ২০ (১) ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে, বিশ্ববিদ্যালয়ের ১০৫ জন সিনেট সদস্যের মধ্যে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন। যাঁরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক মনোনীত হবেন।
ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে গত শনিবার বিকেলে সিনেট ভবনের সামনে বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয়টির প্রগতিশীল ছাত্রজোটের সদস্যরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিনেট ভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা