জাবিতে শেষ হলো মডেল ইউএন সম্মেলন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মডেল ইউএন সম্মেলন। আজ মঙ্গলবার শেষ হলো জাবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (JUMUNA) আয়োজনে তিন দিনব্যাপী এই সম্মেলন।
যেসব শিক্ষার্থী ভবিষ্যতে নীতি-নির্ধারণী পর্যায়ে কাজ করতে চায় তাদের জন্য মডেল ইউএন একটি প্লাটফরম। এই সম্মেলন থেকে শিক্ষার্থীরা সমঝোতা, নেটওয়ার্কিং নীতি প্রণয়ন, সমস্যা সমাধান ও বক্তৃতা দেওয়ার মতো দক্ষতা অর্জন করে।
‘জাহাঙ্গীরনগর মডেল ইউএন-২০১৭’ শিরোনামে এই সম্মেলনের কমিটিগুলো হলো : ইউনাইটেড নেশনস চিল্ড্রেন্স ফান্ড (UNICEF), ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল (UNSC), ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (UNESCO), দি ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ECOSOC), ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP), ইন্টারন্যাশনাল প্রেস (IP), নন গভর্মেন্ট অর্গানাইজেশন (NGO), মডেল ন্যাশনাল অ্যাসেম্বলি অব বাংলাদেশ(M-NAB)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেয়। সম্মেলনে সেক্রেটারি জেনারেল ছিলেন মো. মাহমুদুল ইসলাম প্রিন্স এবং ডিরেক্টর জেনারেল ছিলেন মো. জহিরুল ইসলাম চৌধুরী।
সম্মেলনে UNSC-এর আলোচ্য বিষয় ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার হুমকি, UNDP-এর আলোচ্য বিষয় যথাযথ রাজস্ব ব্যবস্থা নিশ্চিতকরণ, UNESCO-এর আলোচ্য বিষয় গুণগত মান নিশ্চিতকরণে শিক্ষা ব্যবস্থায় অর্থায়ন, UNICEF-এর আলোচ্য বিষয় শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ, ECOSOC-এর আলোচ্য বিষয় যুবকদের জন্য যথাযথ দক্ষতা ও কাজের সুযোগ নিশ্চিতকরণ এবং M-NAB এর আলোচ্য বিষয় ছিল টেকসই উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি।
আজ সম্মেলনের তৃতীয় ও শেষদিনে সব কমিটি তাদের আলোচ্য বিষয়ে আলোচনা শেষে খসড়ার মূলনীতি পাস করায়। এরপর সব কমিটির প্রতিনিধিদের নিয়ে জহির রায়হান অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠান শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এনামুর রহমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু। এ ছাড়া উপস্থিত ছিলেন জাবির আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফি, ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. মামুন মিয়া, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (JUMUNA)’র প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট মো. রিয়াজুল করিম।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের আয়োজনের।

অনলাইন ডেস্ক