গ্রিন ইউনিভার্সিটিতে অভিনয় কোর্স চালু
একঝাঁক পেশাদার অভিনয়শিল্পী ও নির্মাতাদের উদ্যোগে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘সার্টিফিকেট ইন অ্যাকটিং’ কোর্স চালু হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির মিরপুর শেওড়াপাড়া ক্যাম্পাসে আয়োজিত সমঝোতা স্বাক্ষর ও সংবাদ সম্মেলনের মাধ্যমে কোর্সটি চালু হয়। এ শর্ট কোর্সের চুক্তিপত্রে নির্মাতা জাকির হোসেন রাজু ও গ্রিনের এফটিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফজাল হোসেন খান স্বাক্ষর করেন।
বিশ্ববিদ্যালয়টি জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তিন মাস মেয়াদি এই কোর্সের শুরুতে ‘বেসিক অ্যাকটিং’, পরে ‘অ্যাকটিং ইন থিয়েটার, টেলিভিশন ও সিনেমা’ এবং সবশেষে অভিনয়ের ওপর ‘প্র্যাকটিক্যাল কোর্স’ করানো হবে।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত, চিত্রনায়িকা পূর্ণিমা, নাট্যকার আনন জামান, অভিনেত্রী মনিরা মিঠু।
অনুষ্ঠানে উপস্থিত আয়োজকরা জানান, মিডিয়ায় প্রতিভাবান অভিনেতা উপহার দেওয়ার লক্ষ্যেই এ কোর্সের আয়োজন। এর মাধ্যমে নতুনদের প্রশিক্ষণের মাধ্যমে মিডিয়াজগতে প্রবেশের সুযোগ করে দেওয়া হবে।

নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘দেশে অনেকেই ছোটবেলা থেকে অভিনয়ের স্বপ্ন দেখেন। কিন্তু সঠিক দিকনির্দেশনা না থাকায় অনেকেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন না। আমরা চাই, যাঁরা অভিনয়জগতে প্রবেশ করতে চান, তাঁদের প্রথম পদক্ষেপ হবে এই কোর্সে ভর্তি হওয়া। অভিজ্ঞতা না থাকার কারণে নতুনদের মধ্যে যে দ্বিধা তৈরি হয়, সেই বাধা এই কোর্সের মাধ্যমে কেটে যাবে।’
নির্মাতা কাজী রাকায়েত বলেন, অভিনয় শুধু নাটক কিংবা সিনেমার জন্য শেখা হয় না। একজন সত্যিকারের বাবা, সত্যিকারের প্রশাসক হতে গেলেও অভিনয় প্রয়োজন। তিনি এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
গ্রিন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্রজগৎকে আরো শাণিত করবে। এ কোর্স পরিচালনার মধ্যমে দেশীয় সংস্কৃতিচর্চ্চার আরো প্রসার ঘটবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, নির্দেশক ও অভিনেতা গাজী রাকায়েত বিভিন্ন বিষয়ে ক্লাস নেবেন। এ ছাড়া অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমার সঙ্গে বেশ কয়েকজন অভিনেতা ক্লাসে অভিনয় দেখানোর পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা শেয়ার করবেন।
বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন ও গণমাধ্যমের নানা দিক উন্নয়নের কথা ভেবে দক্ষ বাংলাদেশে প্রথম ২০০৩ সালে ফিল্ম-টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করে গ্রিন ইউনিভার্সিটি। দেশবরেণ্য নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা আবদুল্লাহ আল মামুন এ বিভাগের প্রতিষ্ঠাতা।

অনলাইন ডেস্ক