রাবির নতুন প্রক্টর ড. লুৎফর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. লুৎফর রহমান। উপাচার্যের বিশেষ ক্ষমতা বলে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এম আব্দুল বারী এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে রাবি রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজ ক্ষমতা বলে ড. লুৎফর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
নিয়োগ পাওয়ার পর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে প্রক্টর হিসেবে দায়িত্ব দিয়েছে। আজ বিকেলে আমি দায়িত্ব গ্রহণ করেছি।’
প্রক্টরের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রক্টর।
এর আগে আজ সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রক্টর ড. মজিবুল হক আজাদ খান। তাঁর পদত্যাগের কয়েক ঘণ্টা পরই প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ড. লুৎফর রহমানকে।

রাবি সংবাদদাতা