উপাচার্য নিয়োগের পর রাবিতে পদত্যাগের হিড়িক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবদুস সোবহান নিয়োগ পাওয়ার পরপর পদত্যাগের হিড়িক পড়েছে। গত ৭ মে দ্বিতীয় দফায় উপাচার্য হিসেবে নিয়োগ পান এই শিক্ষক।
মে থেকে আগস্ট মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের ছয়জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করেন। এর মধ্যে সবশেষ সংযোজন ছাত্র উপদেষ্টা অধ্যাপক এম মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এই পদ থেকে অব্যাহতি চেয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে রেজিস্ট্রার, গ্রন্থাগার প্রশাসক, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও জনসংযোগ দপ্তরের প্রশাসক পদত্যাগ করেন।
রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ সকালে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি (এম মিজানুর রহমান) পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে উপাচার্য মহোদয় সিদ্ধান্ত নেবেন।’
বিষয়টি সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সোবহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বেশ কয়েকবার টেলিফোন করা হলেও ফোন ধরেননি তিনি।
এ বিষয়ে অধ্যাপক মিজানুর রহমান জানান, কোনো কারণ ছাড়াই স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
গত বছরের ৩০ মার্চ ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মিজানুর রহমান। তখন উপাচার্য ছিলেন অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য ছিলেন অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান।

রাবি সংবাদদাতা