রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ডুয়েটে মানববন্ধন
মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান জাতিগত সহিংসতা বন্ধ এবং দ্রুততম সময়ে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর পরিবার আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, বৌদ্ধ ধর্মে বলা হয়- জীবহত্যা মহাপাপ। অথচ মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর অবর্ণনীয় অত্যাচার-নির্যাতন করছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ের জন্য বাংলাদেশ সরকারের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন এবং যথাযথ কূটনৈতিক কার্যক্রমের ভিত্তিতে খুব দ্রুত গ্রহণযোগ্য সময়ে ওদের নিজের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান চৌধুরী, স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, ডুয়েট ছাত্রলীগ সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রাতুল প্রমুখ। মানববন্ধনে শিক্ষক সমিতির প্রতিনিধিবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, কর্মচারী সমিতির প্রতিনিধিবৃন্দসহ ছাত্ররা অংশগ্রহণ করেন।

ফিচার ডেস্ক