ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বাড়তি নজরদারি রাবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। পরীক্ষা জালিয়াতি রোধ, ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, খাবারের দাম নির্ধারণ, সার্বিক নিরাপত্তাব্যবস্থাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।
লিখিত বক্তব্যে অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের জালিয়াতি ঠেকাতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু চক্র এবং স্থানকে নির্দিষ্ট করা হয়েছে। চিহ্নিত স্থানগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।’
জনসংযোগ দপ্তরের প্রশাসক বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআইসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান বলেন, ‘ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা দফায় দফায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি। তাঁরা আমাদের সর্বোচ্চ সহায়তা করবেন বলে জানিয়েছেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার অধ্যাপক এম আবদুল বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস শিল্পী, আইসিটি পরিচালক খাদেমুল ইসলাম মোল্লা।
বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদে ৫৯টি বিভাগে কোটাসহ মোট চার হাজার ৬৩৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ ১৬ হাজার ১২০ জন; যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রতি আসনে লড়বে ৬৮ জন ভর্তিচ্ছু। আগামী ২২ থেকে ২৬ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাবি সংবাদদাতা