রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ভর্তিচ্ছু আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছে।
গত রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত ভর্তিচ্ছুর নাম হুমায়ুন আজাদ। তিনি সোমবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে চট্টগ্রাম থেকে এসেছিলেন। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই ভর্তিচ্ছু জানান, রোববার রাত ১০টার দিকে তিনিসহ পাঁচজন ভর্তিচ্ছু চট্টগ্রাম থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে রাবির ফটকের সামনে নামেন। সেখান থেকে বিনোদপুরের দিকে তাদের এক আত্মীয়ের বাসার উদ্দেশে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর তাদের মধ্যে তিনজন কিছুটা সামনে এগিয়ে যায়। আর আজাদসহ আরেকজন ভর্তিচ্ছু পেছনে পড়ে যান। তখন হঠাৎ পেছন থেকে একটি অটোরিকশাতে করে তিনজন যুবক এসে আজাদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় আজাদের চিৎকার শুনে অন্যরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা তার হাতে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ভুক্তভোগী হুমায়ুন আজাদ বলে, ‘আমি আমার বন্ধুদের চেয়ে একটু দূরত্বে ছিলাম। হঠাৎ অটোরিকশায় করে তিনজন যুবক এসে আমাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ আকস্মিক হামলায় ভয় পেয়ে চিৎকার দিলে আমার বন্ধুরা এগিয়ে আসলে তাঁরা আমার বাম হাতে ও বুকে ছুরিকাঘাত করে ওই অটোতে করেই পালিয়ে যায়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ভর্তিচ্ছুকে ছুরিকাঘাতের বিষয়টি জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।’

রাবি সংবাদদাতা