বিভিন্ন দাবিতে শাবিপ্রবির শিক্ষার্থীদের স্মারকলিপি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নানা সমস্যা সমাধানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা স্মারকলিপি দেন। উপাচার্য দপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা ডাইনিং ও ক্যান্টিনে উন্নতমানের খাবার, পানি ফিল্টারিংয়ের ব্যবস্থা করা, রিডিংরুমের সংখ্যা বাড়ানো, বাথরুম-টয়লেট ও বেসিন নিয়মিত পরিষ্কার করা, হলের ভেতরে স্টেশনারি সামগ্রীর দোকানের ব্যবস্থা, ইন্টারনেটের গতি ও রাউটার সংখ্যা বৃদ্ধি এবং জরুরি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ডাইনিং ও ক্যান্টিনে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে, যা অরুচিকর ও অস্বাস্থ্যকর। এসব ব্যাপারে বারবার ডাইনিং ও ক্যান্টিনের ম্যানেজার এবং হল প্রাধ্যক্ষকে মৌখিকভাবে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার হয়নি। খাবার ছাড়াও সরবরাহ করা পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় পানি ফিল্টারিংয়ের পাশাপাশি ট্যাংক নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। তা ছাড়া প্রতিদিনের খাবার মেন্যু নির্দিষ্ট করা অপরিহার্য হয়ে পড়েছে। চার শতাধিক ছাত্রের হলে ছোট একটি রিডিং রুম, যেখানে একসঙ্গে দশজনের বেশি লেখাপড়া করতে পারে না। সুষ্ঠু পরিবেশে লেখাপড়া করার স্বার্থে রিডিংরুমের সংখ্যা বাড়ানো প্রয়োজন।
এ ছাড়া হলের বাথরুম, বেসিন, টয়লেট নিয়মিত পরিষ্কার না করায় অধিকাংশই ব্যবহারের অনুপযোগী। তা ছাড়া অধিকাংশ শাওয়ার ও পানির ট্যাপ অকেজো। শিক্ষার্থীদের সুবিধার্থে হলের ভেতরে স্টেশনারি সামগ্রির দোকান স্থাপন করা জরুরি।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, হলে ওয়াইফাই সংযোগ থাকলেও ইন্টারনেটের ধীরগতি ও রাউটার সংখ্যা কম থাকায় সব শিক্ষার্থী তা ব্যবহার করতে পারছে না। তাই ইন্টারনেটের গতি ও রাউটার সংখ্যা বাড়াতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে জরুরি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করতে হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, হলের নানা সমস্যার কথা প্রাধ্যক্ষের কাছে জানানো হলে তিনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
তবে অভিযোগ অস্বীকার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এস এম হাসান জাকিরুল ইসলাম বলেন, ‘আমি আবাসিক হলের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সমস্যা নিরসনে কাজ চলছে। আশা করি দ্রুত সমস্যা নিরসন হবে।’

শাবিপ্রবি সংবাদদাতা