ইবিতে ছাত্রলীগ নেতাকে পেটালেন কর্মীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমনকে পিটিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কর্মীরা।
বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ বিষয় নিয়ে মেহেদী হাসান সুমনের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের পক্ষের কর্মীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার মীর মশাররফ হোসেন ভবনের সামনে মেহেদীকে জুয়েল রানা হালিমের কর্মীরা একা দেখতে পান। এ সময় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের তাসনিম-ই-তারিক আবির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের বিপুল হোসেন, পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের হামিদুল ইসলাম হামিদসহ সাত-আটজন মেহেদীকে মারধর করে। পরে সুমনকে তাঁর বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান সুমন অভিযোগ করে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক আনিচুর রহমান আনিচের গ্রুপ করতাম। বর্তমান সভাপতি শাহিনুর রহমান শাহিনের গ্রুপ করি বলে সাধারণ সম্পাদকের সমর্থকরা আমাকে মারধর করে।’
মারধরের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি নিয়ে একটু বিরোধ ছিল। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

ইবি সংবাদদাতা