ক্ষুর দিয়ে আঘাত, জবি ছাত্র সাময়িক বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মিঠুন বাড়ৈকে ক্ষুর দিয়ে আঘাতের ঘটনায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শান্তকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল।
গত মঙ্গলবার দুপুরে অগ্রণী ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে মিঠুনকে ক্ষুর দিয়ে আঘাত করে পালিয়ে যান তৌহিদুল। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মিঠুনকে।
ওই ঘটনার দুদিন পর তৌহিদুল ইসলাম শান্তকে সাময়িক বহিষ্কার করল প্রশাসন। এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উপাচার্য মহোদয়ের (অধ্যাপক ড. মীজানুর রহমান) সাথে কথা বলেছি। তিনি ওই শিক্ষার্থীকে (তৌহিদুল ইসলাম) সাময়িক বহিষ্কারের কথা বলেছেন। তাই আমরা তাঁকে সাময়িক বহিস্কার করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘বুধবার আহত শিক্ষার্থী মিঠুন বাড়ৈ নিজে বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। মামলা নং ২৪। মামলার এজাহারে জবি শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শান্ত কর্তৃক বাদীকে হত্যার উদ্দেশ্যে কোপানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

জবি সংবাদদাতা