রাতের খাবারও মিলবে জাবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শুধু সকালের নাশতা ও দুপুরের খাবার পাওয়া যায়। এখন পর্যন্ত রাতের খাবারের কোনো ব্যবস্থা নেই এখানে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতের খাবারের জন্যও এটি খোলা রাখার চিন্তাভাবনা করছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। ফলে শিগগিরই তিন বেলা খাবারের জন্য উন্মুক্ত হতে পারে জাবির ক্যাফেটেরিয়া।
বিশ্ববিদ্যালয়ের খাবারের দোকানগুলোর বেশির ভাগই ছাত্রদের হলসংলগ্ন বটতলা এলাকায়। এখানে খাবারের মান ও দাম যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। এ ছাড়া মেয়েদের হল থেকে এ এলাকার দূরত্বও বেশ। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইছে বটতলার ওপর নির্ভরতা কমাতে ক্যাফেটেরিয়ায় রাতের খাবারও চালু রাখতে। এ ছাড়া রাতের খাবারের ব্যবস্থা থাকলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা জমজমাট হয়ে উঠবে বলে মনে করছে প্রশাসন। প্রাণচাঞ্চল্য আসবে মুক্তমঞ্চ ও টিএসসির সংগঠনগুলোতে। এমনটাই জানালেন টিএসসির পরিচালক অধ্যাপক বশির আহমেদ।
এ ব্যাপারে অধ্যাপক বশির এনটিভি অনলাইনকে বলেন, ‘রাতের খাবারের ব্যবস্থা করার জন্য প্রাইভেট ক্যাটারিং সার্ভিস খুঁজছি আমরা। আমাদের যে স্থায়ী জনবল আছে, তাদের দিয়ে এটা করা সম্ভব হবে না। মানসম্মত ক্যাটারিং সার্ভিস পেলে খুব শিগগিরই এটা চালু হবে।’
‘দিনের খাবার পরিবেশন করবে আমাদের স্থায়ী লোকজন আর রাতের পরিবেশন করবে ক্যাটারিং সার্ভিস। দাম একই থাকবে। হয়তো ব্যালান্স করার জন্য শিক্ষকদের কাছে কিছু বেশি দাম নেওয়া হতে পারে। এ রকম চিন্তাভাবনাই করছি আমরা। এটা করা গেলে আমরা আশা করছি টিএসসি এলাকা জমজমাট হয়ে উঠবে। টিএসসিতে প্রাণসঞ্চার হবে। বটতলার ওপর শিক্ষার্থীদের নির্ভরতা কমবে। ক্যাটারিং সার্ভিস পেয়ে গেলে আগামী এক মাসের মধ্যেই এটা চালু করতে পারব আমরা’-বলেন অধ্যাপক বশির।
শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। এ ব্যাপারে গণিত বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, প্রশাসন এটা করলে সত্যিই একটা চমৎকার ব্যাপার হবে। শিক্ষার্থীরা খুব উপকৃত হবে।
বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মী আশিকুর রহমান বলেন, ক্যাফেটেরিয়ায় রাতের খাবারের ব্যবস্থা করা হলে সবচেয়ে বেশি উপকৃত হবে টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। মুক্তমঞ্চ-টিএসসিতে প্রাণসঞ্চার হবে। এমন উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য।

জাবি সংবাদদাতা