ঢাবির বাণিজ্য অনুষদে আন্তর্জাতিক সম্মেলন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে ‘বিজনেস অ্যান্ড ইকোনমিকস’ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনে এ সম্মেলন শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ইটার-ডিসিপ্লিনারি সল্যুশনস ফর বিজনেস চ্যালেঞ্জস ইন এ নিউ গ্লোবাল অর্ডার।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক জন এল লোহি এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ট বাম্যান বিশেষ অতিথির বক্তব্য দেন।
যুক্তরাষ্ট্রের ট্রাফ্টস ইউনিভার্সিটির অধ্যাপক পার্থ এস ঘোষ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলন আয়োজক কমিটির কো-চেয়ার অধ্যাপক এম সাদিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীদর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাবি উপাচার্য বলেন, বাংলাদেশ বর্তমান রোহিঙ্গা সংকট, সামাজিক বৈষম্য, দারিদ্র্য বিমোচনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আন্তবিভাগীয় গবেষণার মাধ্যমে আমাদের এসব সমস্যার সমাধান করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। এ সম্মেলন এ ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
সম্মেলনে বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, জাপান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও ভিয়েতনামের শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন। দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে মোট ১৬টি সেশনে ৮০টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা