দেশে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার ষড়যন্ত্র চলছে
রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারে যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
আজ সোমবার এক বিবৃতিতে বিএনপিপন্থী শিক্ষকরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, মানবিক কর্মসূচি পালনের জন্য কক্সবাজারগামী খালেদা জিয়ার গাড়িবহরে চিহ্নিত সন্ত্রাসীদের দফায় দফায় হামলার ঘটনায় শিক্ষকরা গভীরভাবে উদ্বিগ্ন। তাঁরা মনে করেন, মিয়ানমারে চলমান জাতিগত নিধনের মতোই দেশে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার গভীর ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে খালেদা জিয়ার ওপর হামলা হয়েছে। শিক্ষকরা এ বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। হামলায় আহত সাংবাদিক ও নেতাকর্মীদের প্রতিও সমবেদনা জানান তাঁরা।
বিবৃতিতে আরো বলা হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে সব অশুভ ষড়যন্ত্রের পথ পরিহার করে সরকার আগামীতে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য কার্যকর ব্যবস্থা নিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।

জাবি সংবাদদাতা