‘বাঁচলে খাল, বাঁচবে ঢাকা’
ঢাকা শহরে জলাবদ্ধতা ও দেশে বায়ুদূষণের তীব্র অবস্থার পরিপ্রেক্ষিতে ‘বাঁচলে খাল, বাঁচবে ঢাকা; বিশুদ্ধ বায়ু, সুস্থ বাংলাদেশ’ স্লোগানে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটি।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাসুদ পারভেজ বলেন, অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ, আবাসন তৈরি ও যেখানে-সেখানে বর্জ্য ফেলা হচ্ছে। খালগুলো হারিয়ে গেছে। এসব কারণে সামান্য বৃষ্টিপাত হলেই শহরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমন অবস্থায় দুর্বিষহ হয়ে উঠেছে নগর জীবন।
মাসুদ পারভেজ আরো বলেন, ‘কল-কারখানার ধোঁয়ায় সৃষ্ট বিভিন্ন বিষাক্ত পদার্থ বাতাসে ছড়াচ্ছে। ফলে মানুষ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তাই এসব সমস্যা সমাধানে আমাদের ব্যক্তিগত ও সামষ্টিক সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি সরকারকে এসব সমস্যা সমাধানের জন্য এখনই যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শফিকুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি আমির হোসেন ভূইয়া, সংগঠনটির সহসভাপতি মোজাম্মেল হোসেন তানভীরসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

জাবি সংবাদদাতা