রাবির ভর্তি পরীক্ষার ‘ডি’ ও ‘জে’ ইউনিটের ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’ (ব্যবসায় শিক্ষা অনুষদ) এবং ‘জে’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা ইনস্টিটিউট) ফল প্রকাশিত হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
‘ডি’ ইউনিটের ৪৭০টি আসনের বিপরীতে ‘ব্যবসায় শিক্ষা’ থেকে মোট ৯২৩ জন এবং ‘অ-ব্যবসায় শিক্ষা’ থেকে ২০০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইটে প্রকাশিত ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ছক ও নিয়মানুযায়ী বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড ও বিষয় পছন্দক্রম ফরম সঙ্গে রাখতে হবে। এ ছাড়া পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রটিও আনতে হবে।
অন্যদিকে, ‘জে’ ইউনিটের ৫০টি আসনের বিপরীতে বাণিজ্য গ্রুপ থেকে প্রথম ৮৬ জন এবং অবাণিজ্য গ্রুপ থেকে প্রথম ১০৬ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ১৯ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইটে প্রকাশিত আইবিএর পরিচালক অধ্যাপক ড. মু. রফিকুল ইসলাম স্বাক্ষারিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd) পাওয়া যাবে।

রাবি সংবাদদাতা