শাবিপ্রবির সামনে সড়ক অবরোধকে কেন্দ্র করে সংঘর্ষ
সড়ক অবরোধকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রভোস্ট ও একজন শিক্ষক এবং একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ সোমবার শাবিপ্রবি ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। ক্যাম্পাস এলাকায় ঘন ঘন ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বেলা ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় অবরোধে থাকা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাস্তায় আটকে থাকা পরিবহন শ্রমিকরাও যোগ দেন। তখন শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে শাবির ফটকের ভেতরে ঢুকে স্থানীয় ও পরিবহন শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে উভর পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষকে শান্ত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ উভয় পক্ষকে দুই পাশে দূরে সরিয়ে রাখে। সাড়ে ১২টার দিকে আবার স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশের এক সদস্য আহত হন।

সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিরা হলেন শাহ পরাণ হলের সহকারী প্রভোস্ট আশীষ কুমার বণিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল-আমিন ও সিলেট মহানগর পুলিশের কনস্টেবল সোহেল আহমদ। তাঁদের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। পুলিশ, শিক্ষকসহ আহত হয়েছেন কয়েকজন।
এদিকে এনটিভি অনলাইনের শাবিপ্রবি সংবাদদাতা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ফটকসংলগ্ন এলাকায় অর্ধশতাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন শিক্ষার্থীরা। ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন আহতও হন। এমনকি গতকাল রোববারও দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন।
সার্বিক পরিস্থিতি নিয়ে শাবিপ্রবির প্রক্টর জহির উদ্দীন আহমেদ জানান, শিক্ষার্থী, পুলিশ ও পরিবহন মালিকদের সঙ্গে বসে এ ঘটনার আরো দ্রুত সমাধান বের করা হবে।

মারুফ আহমেদ, সিলেট