ঢাবির প্রবেশপথে নিরাপত্তাচৌকি বিবেচনায় রয়েছে : উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তাচৌকি বসানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
আজ বুধবার টিএসসি-কেন্দ্রিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময়ে উপাচার্য এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে চলমান নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড আরো গতিশীল করার জন্য এসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
ড. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্নতার মডেল হিসেবে গড়ে তুলতে চায় প্রশাসন। আর এই কাজে সহযোগিতার জন্য তিনি এসব সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার প্রসঙ্গটি মতবিনিময়ে উঠে এলে উপাচার্য বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসানোর বিষয়টি তাঁদের বিবেচনায় রয়েছে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা