ইবির সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই নিবন্ধন চলবে।
গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইবির রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ জানান, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনের রেজিস্ট্রেশন ২২ অক্টোবর শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা। কিন্তু বুধবার এক জরুরি সভায় রেজিস্ট্রেশনের সময় আগামী ২০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’
‘এ সময়ের মধ্যে অনলাইন, ঢাকাস্থ বিশ্ববিদ্যালয়ের রেস্ট হাউস, ক্যাম্পাসের একাডেমিক শাখা ও কম্পিউটার সেন্টারে রেজিস্ট্রেশন করা যাবে। সমাবর্তনে ১৯৯৬-৯৭ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক ও ১৯৯৭-৯৮ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।’
সমার্বতনে নিবন্ধনসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

ইবি সংবাদদাতা