রাবির অপহৃত ছাত্রী উদ্ধার!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাস থেকে অপহৃত বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে শাহী আম্মানাকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
রাবির প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রক্টর জানান, অপহৃত ছাত্রীকে আজ দুপুরে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এখন তাদের রাজশাহীতে আনা হচ্ছে। এ ছাড়া ওই ছাত্রীর সাবেক স্বামী সোহেল রানাকেও পুলিশ আটক করেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ছাত্রীর সাবেক শ্বশুরকে নওগাঁর পত্নীতলার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে তাঁকে নিয়ে অভিযান চালানো হয়।
এর আগে অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ সাত দফা দাবিতে আজ শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় অপহৃত ছাত্রীকে উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা।
জানা যায়, গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে থেকে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রীকে তাঁর সাবেক স্বামী সোহেল রানা ও সহযোগীরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান।

রাবি সংবাদদাতা