রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচার দাবি
মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচারের আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংহতি র্যালি থেকে এই দাবি জানানো হয়।
ইউরোপে নির্বাসনে থাকা রোহিঙ্গাদের সংগঠন ইউরো-বার্মা ও গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ (রামরু) এই র্যালির আয়োজন করে। র্যালিটি রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন রামরুর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এম এস এ আমিন, মানবাধিকারকর্মী নূর খান প্রমুখ।
অধ্যাপক ড. সি আর আবরার বলেন, ‘রোহিঙ্গাদের মর্যাদার সাথে নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নিতে হবে। যারা এই আরাকানে গণহত্যা চালাচ্ছে, তাদের বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করতে হবে।’
রোহিঙ্গা সমস্যাকে আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে এই অধ্যাপক বলেন, ‘এর সমাধান শুধু সরকারের ওপর ছেড়ে দিলে হবে না। নাগরিক সমাজের ওপর এর দায়িত্বের হাত থাকবে এবং আমাদের এ ব্যাপারে সক্রিয় হতে হবে। শুধু বাংলাদেশের মধ্যে না; এটাকে আন্তর্জাতিকীকরণ করতে হবে। অন্যান্য দেশের নাগরিক সমাজের সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে।’
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এম এস এ আমিন বলেন, প্রায় ১০ লাখ দুঃস্থ মানুষ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেছে। তাদের ওপর গণহত্যা, নির্যাতন চালানো হয়ছে।
মিয়ানমার সরকারকে অবশ্যই এ গণহত্যা-নির্যাতন বন্ধ করতে হবে। মানবতার বিরুদ্ধে এই গণহত্যার বিচার করতে হবে। বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে কূটনৈতিকভাবে আপ্রাণ চেষ্টা করছে। তাই এ সমস্যা সমাধানে সব দেশকে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা