ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৮ শিক্ষার্থী
কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১০-২০১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির আটজন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নম্বর কক্ষে এ পুরস্কার দেওয়া হয়।
ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের মোত্তালিব হোসেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রওনক জাহান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবরিনা ফেরদৌস, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের খানজাহান আলী, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আকলিমা সুলতানা, গণিত বিভাগের মোজ্জামেল হোসেন ও পরিসংখ্যান বিভাগের মাহফুজুর রহমান।
এই পুরস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান রনি ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সুপ্রিয়া সিংহ রায়। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম এ সাত্তার হোসেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিনসহ ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড.হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘যে কোনো ধরনের স্বীকৃতি মানুষের মনকে আন্দোলিত করে। এ স্বীকৃতি ভবিষ্যৎ পথ চলার পাথেয় হয়ে দাঁড়াবে। আমরা পরবর্তীতে সেরা শিক্ষক, সেরা গবেষক নির্বাচন করে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। পুরস্কার দেওয়ার মূল উদ্দেশ্য হবে উৎসাহ প্রদান করা।’

উপাচার্য আরো বলেন, বিজ্ঞানকে অগ্রাহ্য করে এক মূহূর্ত টিকে থাকা কঠিন। সভ্যতার উন্নয়নে গুহাবাসী মানুষের ইতিহাস থেকে চন্দ্রগামী মানুষের ইতিহাসে বিশ্ববিদ্যালয়গুলো অসামান্য অবদান রেখেছে। বর্তমান প্রশাসন চায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ নিজের মতো করে তাদের কাজ চালিয়ে যাবে।
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম বলেন,’ তোমরা সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। উন্নত গবেষণার মধ্য দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

ইবি সংবাদদাতা