আগামীকাল যশোর জিলা স্কুলের পুনর্মিলনী
যশোর জিলা স্কুলের ১৮০ বছর পূর্তি উপলক্ষে যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে আগামীকাল ২২ ও ২৩ ডিসেম্বর দুদিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘নবীন প্রবীণ এক প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে প্রাক্তন ছাত্ররা একত্র হয়ে স্মৃতিচারণের মাধ্যমে ফিরে যাবেন তাঁদের স্কুল প্রাঙ্গণে। জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানের সূচি। দুদিনের এই জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মূল আকর্ষণীয় পর্ব হলো লেজার লাইট শো, ওয়াটার ডান্স, ফানুস উড্ডয়ন ও সংগীতানুষ্ঠান।
যশোর জিলা স্কুল স্থাপিত হয় ৩ ফেব্রুয়ারি ১৮৩৮ সালে। শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৮৩২ সালে ১৩২ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে। যশোর জিলা স্কুল উপমহাদেশের পঞ্চম ও বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান। ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ, কবি কৃষ্ণচন্দ্র মজুমদার, কথাশিল্পী আনিস সিদ্দিকীসহ খ্যাতিমান পণ্ডিত ব্যক্তিরা এই স্কুলে শিক্ষকতা করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র, ভাষাসৈনিক আলমগীর সিদ্দিকী, মোহাম্মদ সুলতান, বিমল রায় চৌধুরী, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ মহীয়ান ব্যক্তি যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র।
যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক এ জেড এম সালেক এবং যুগ্ম আহ্বায়ক শাহীন চৌধুরী।

ফিচার ডেস্ক