শাবিতে ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা, ফাটল মাথা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রগতিশীল ছাত্রজোটের অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে জয়দ্বীপ দাস নামের এক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টকর্মীর মাথা ফাটিয়ে দিয়েছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে এই ঘটনা ঘটে।
এতে এক নারী নেত্রীসহ অন্তত নয়জন আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। অন্যদিকে সংবাদ সম্মেলন করে, হামলায় ছাত্রলীগের সম্পৃক্ততা অস্বীকার করেছে শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ। কতিপয় দুষ্টচক্র এ কাজ করেছে জানিয়েছেন সাধারণ সম্পাদক ইমরান খান।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২৩ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের আন্দোলেনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছিল প্রগতিশীল ছাত্রজোট। এরই অংশ হিসেবে আজ সোমবার সকাল ৮টায় শাবিপ্রবির ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেন ছাত্রজোটের নেতাকর্মীরা। ফটকে অবস্থান নেওয়ার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের কোনো বাস চলাচল করতে পারেনি। এ সময় ক্লাস করতে আসা শিক্ষার্থীদের হেঁটে হেঁটে চলাচল করতে দেখা যায়।
বেলা ১১টার দিকে ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়ার নেতৃত্বে তাঁর সমর্থকরা শিক্ষার্থীদের ভোগান্তির কথা বলে ছাত্রজোটের অবস্থান কর্মসূচিতে হামলা চালান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এম কে সুব্রত পাল, নজরুল ইসলাম, সাদেকুর রহমানসহ বেশ কয়েকজনকে হামলায় অংশ নিতে দেখা যায় বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।
শাবিপ্রবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিত রুদ্র জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় তিনিসহ সাধারণ সম্পাদক নাজিরুল আযিম বিশ্বাস, সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবায়েত আহমেদ, কমিটির সদস্য তৌহিদুজ্জামান জুয়েল, মইনুদ্দিন মিয়া, এম কে মুনিম, কর্মী জয়দ্বীপ দাশ, রশিদ ইফাজ, আব্দুল্লাহ হেল কাফি, নাইম আশরাফ আদিব আহত হন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের অবস্থান কর্মসূচিতে আজ সোমবার ছাত্রলীগের একাংশের হামলায় আহত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টকর্মী জয়দ্বীপ দাস। ছবি : স্টার মেইল
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়া বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে গেট দিয়ে ঢুকতে চাইলে তারা বাধা দেয়। এতে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তি হয়। এতে সাব্বির আহমেদ নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়।’
শাবিপ্রবির প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাপারটি খুবই দুঃখজনক। আমরা খবর পেয়ে সেখানে যাই। বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে ক্যাম্পাসে ফিরেছেন।’
দায় অস্বীকার ছাত্রলীগের
হামলার ঘটনায় তড়িঘড়ি সংবাদ সম্মেলন করে দায় অস্বীকার করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইমরান খান, সহ-সভাপতি তারিকুল ইসলামসহ তাঁদের সমর্থিত নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, ‘কেন্দ্র থেকে আমাদের ওপর নির্দেশ ছিলো এ আন্দোলনে কোনো ধরনের বাধা না দেওয়া। প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে কেন্দ্র করে আমরা ব্যস্ত রয়েছি।’
পদবঞ্চিত ছাত্রলীগ নেতা জিয়াকে ইঙ্গিত করে ইমরান খান বলেন, ‘কিছু দুষ্কৃতিকারী ও অতি উৎসাহীরা এ কাজ করেছে। তারা ছাত্রলীগের কেউ না। তবে তদন্ত সাপেক্ষে যদি ছাত্রলীগের কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ছাত্রলীগের কেউ না- সভাপতির এ বক্তব্যে মুশফিকুর রহমান জিয়া বলেন, ‘ভারপ্রাপ্ত সভাপতি বিষয়টিকে এড়িয়ে যেতে গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করেছেন।’

শাবিপ্রবি সংবাদদাতা