উৎসব-উদ্দীপনায় ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১৯২১ সালের আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এই ভূখণ্ডের মানুষের সব নৈতিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া জাতির আলোকবর্তিকা এ প্রতিষ্ঠান ৯৭ বছর পারিয়ে ৯৮ বছরে পদার্পণ করেছে। নতুন বছরকে বরণ করে নিতে প্রতিষ্ঠানটিতে উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস।
আজ রোববার দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পালন করছে নানা কর্মসূচি। এর মধ্যে সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গিয়ে শেষ হয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়।
আলোচনা সভা শুরুর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে তৈরি করা 100yrs.du.ac.bd নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন, ‘২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং একই সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে এ বিষয়ক কার্যক্রম আজ থেকে শুরু হলো। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ ওয়েবসাইট আপডেটেড হবে।’ ১০টা ৪৫ মিনিটে ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকা উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান। আলোচনা সভায় উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এম এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা’।

বিশ্ববিদ্যালয় সংবাদদতা