রাবিতে ‘শুদ্ধি অভিযান’ চালানোর আহ্বান
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় শুদ্ধি অভিযান চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যায় ‘অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে মশাল মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এর আগে একটি মশাল মিছিল রাকসু ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসে প্রধান সড়কগুলো ঘুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের ‘জয় হিন্দ’ স্লোগান ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার চাকরি নিয়ে ‘দর কষাকষির’ অডিও ফাঁসের ঘটনায় তাঁদের পদত্যাগ চেয়ে লাগাতার আন্দোলন শুরু করে। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র ফেডারেশন ও রাকসু আন্দোলন মঞ্চ যৌথভাবে এসব কর্মসূচি পালন করে আসছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় সমাবেশে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সারা দেশব্যাপী যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন আমরা এটাকে স্বাগত জানাই। আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি হচ্ছে, আসুন সচিত্র দেখে যান, এখানে তদন্ত করুন। যারা যারা জড়িত এই বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিষ্কার করুন। দুর্নীতিবাজদের এই বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করতে হবে।’
ছাত্র ফেডারেশনের সভাপতি রাশেদ রিমন বলেন, ‘আমরা লজ্জা পাই যখন দেখি বিশ্ববিদ্যালয়ের একজন প্রোভিসি আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। আবার লজ্জা পাই যখন এই আর্থিক কেলেঙ্কারির অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। আমরা আগেও বলেছি কোনো প্রকার অপব্যাখ্যা দিয়ে আমাদের বিভ্রান্ত করা যাবে না।’
এ সময় তিনি তাদের (উপাচার্য ও উপ-উপাচার্য) ‘সময় থাকতে’ পদত্যাগ করার আহ্বান জানান।
এর আগে গত বুধবার মশাল মিছিলের মাধ্যমে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার পদযাত্রা, অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালন করা হয়। উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। তবে উপাচার্য এবং উপ-উপাচার্যসহ প্রশাসনের অপসারণের দাবিতে শিক্ষকরা আন্দোলনে নামলেন বৃহস্পতিবার। পূজার ছুটি শেষে শিক্ষকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

রাবি সংবাদদাতা