মেস থেকে ববি শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের একটি মেসের নিচতলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে শিক্ষার্থীরা বিষয়টি বন্দর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। মরদেহের সার্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা মেস প্রাঙ্গণে উপস্থিত হন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বলেন, এটি আত্মহত্যা কি না, তা বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আব্দুল্লাহ জাইফ, বরিশাল বিশ্ববিদ্যালয়