নোবিপ্রবির ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনার উন্নয়ন ও সমস্যা সমাধানের লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করল নোবিপ্রবি ক্যারিয়ার ক্লাব। আজ মঙ্গলবার কেক কেটে ক্লাবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) অহিদুজ্জামান নুর।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘শুধু বই পড়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা অনেক কঠিন। সেজন্য এক্সট্রা কো-কারিকুলার অ্যাকটিভিটিস বৃদ্ধি করতে হবে। নোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’
এ সময় এসি অহিদুজ্জামান নুর বলেন, ‘হতাশ হয়ে শিক্ষার্থীরা যখন আত্মবিশ্বাসহীনতায় ভোগে তখন সে তার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাটা খোঁজে না। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে চিন্তা করে না। ফলে ক্যারিয়ার নিয়ে দ্বিধায় ভোগে। ক্যারিয়ার সম্পর্কিত এই দ্বিধার চক্র থেকে যারা বের হয়ে আসতে পারে না তাদের জন্য অনন্য ভূমিকা রাখবে এই ক্যারিয়ার ক্লাব।’
ক্লাবের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নাসেরকে সভাপতি ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী হাসিব আল আমিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মাসরুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক মজুমদার, সাংগঠনিক সম্পাদক শেখ মো. নাজমুল আলম, প্রচার সম্পাদক এস জে আরাফাত, দপ্তর সম্পাদক ফাতেমা পলি এবং কার্যনির্বাহী সদস্য তাহসিন তাবাসসুম অভি ও নাজিয়া ফারহা।

নিজস্ব প্রতিবেদক