জাবির অফিসার সমিতির কর্মবিরতি প্রত্যাহার
টানা তিন দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অফিসার সমিতির কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুলের মুক্তির বিষয়ে প্রশাসন থেকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে অফিসার সমিতি।
আজ শনিবার সকালে অফিসার সমিতির সভাপতি আবদুস সালাম মো. শরীফ এ তথ্য জানান।
আবদুস সালাম জানান, জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গতকাল শুক্রবার বাবুলকে মুক্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে একটি জরুরি সভাও অনুষ্ঠিত হয়, যে কারণে আজ সকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এর ফলে টানা তিন দিন পর শুরু হয় ক্লাস-পরীক্ষা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩ নভেম্বর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা পোড়ানো মামলায় সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে আবদুর রহমান বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকেই তিনি জেলে রয়েছেন।

জাহিদুর রহমান