ঢাবিতে আবারো নাট্যোৎসব
বছর ঘুরে ফের শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে নাট্যোৎসব। সপ্তাহব্যাপী এই দশম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০১৫ শুরু হবে আগামী ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের স্লোগান ‘শিল্পের মুক্ত ভাষা অভিমুখে’।
এবার সাতটি নাটক নিয়ে সাজানো হয়েছে উৎসব। প্রতিটি নাটক নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা।
উদ্বোধনী দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে মার্টিন শেরম্যানের নাটক ‘দ্য বেন্ট’। নাটকটি অনুবাদ ও নির্দেশনায় রয়েছেন শাহারুল ইসলাম। এ ছাড়া পর্যায়ক্রমে প্রতিদিন মঞ্চস্থ হবে আরো ছয়টি নাটক। এর মধ্যে রয়েছে সাইমা ফারজানার নির্দেশনায় ‘কালের যাপনরঙ্গ’; নাজমুল হুদা সাকীর নির্দেশনায় ‘ডেথ নকস’; কামরুল ইসলামের রচনা ও নির্দেশনায় ‘ভস্ম’; সাওগাতুল ইসলাম হিমেলের নির্দেশনায় ‘৪.৪৮ সাইকোসিস’; ইশতিয়াক খান পাঠানের নির্দেশনায় ‘ক্রেভ অ্যান্ড নট ক্রেভ’ ও ধীমান চন্দ্র বর্মণের নির্দেশনায় ‘ব্র্যাত’।
‘দশম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব’-এর পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।


জুয়েইরিযাহ মউ