স্কলাসটিকায় বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় গতকাল বুধবার স্কলাসটিকা স্কুলে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ জন্য স্কুল-প্রাঙ্গণকে জাতীয় পতাকাসহ নানা ধরনের পোস্টার-ফেস্টুনে সাজানো হয়।
মিরপুর শাখায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক আবুল বারক আলভী। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর প্রধান চিত্রশিল্পী অশোক কর্মকার। সভাপতিত্ব করেন স্কুলের সিনিয়র ভাইস-প্রিন্সিপাল ফারাহ্ সোফিয়া আহমেদ।
‘আমার দেশ আমার গর্ব’ শিরোনামের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কলাসটিকার দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের পাশাপাশি আহসানিয়া মিশন স্কুলের শিশুরাও অংশ নেয়। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে রয়েছে সুবাহ নূর, রাফিদ করিম চৌধুরী ও মোহম্মদ তাসফিন আহমেদ।
প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদের সভাপতিত্বে উত্তরা শাখায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেয় নাজাহ সাদমিন, আয়শা শারমিন চৌধুরী, নাজমা সুলতানা সুবহান মো. মুরাদ, আতিক আহমেদ প্রমুখ। এ ছাড়া দেশাত্মবোধক গানের সাথে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা দলীয় নৃত্য পরিবেশন করে।


ফিচার ডেস্ক