রাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি
অধ্যাপক ড. পি এম সফিকুল ইসলামকে পুনরায় সভাপতি ও হাসান ইমাম সুইটকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সম্মেলন শেষে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
সকালে রাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্মেলন উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রায়। এর পর বেলা সাড়ে ১১টায় ডিনস কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জোটের সভাপতি অধ্যাপক ড. পি এম সফিকুল ইসলামের সভাপতিত্বে ডিনস কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম গোস্বামীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নুরুল্লাহ, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারপারসন অধ্যাপক রাশেদা খালেক এবং জোটের প্রতিষ্ঠাতা সাধরণ সম্পাদক এমজি হাদিউল আজম। এ সময় বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান খান, সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক নাসিমা খাতুনসহ জোটের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষ পর্বে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ সরকার, রাবি সংবাদদাতা