মেট্রোরেলের রুট বদলের দাবি ঢাবি শিক্ষার্থীদের
মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশ নেন। পরে রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে আবার রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা রহমান বলেন, ‘আমরা বলছি না যে, মেট্রোরেল চাই না। তবে এতগুলো ভাস্কর্যের ওপর দিয়ে কেন মেট্রোরেল করা হবে? এর বিকল্প চিন্তা করা হোক। যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংস না হয়ে যায়।’
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্র টিএসসি। এখানে টার্মিনাল হলে শিক্ষার পরিবেশ থাকবে না। মেট্রোরেলের যে রুট করা হয়েছে, তাতে বিশ্ববিদ্যালয়ের অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়ে যাবে। তাই প্রস্তাবিত এই রুটের বিকল্প অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
শিক্ষার্থীরা জানান, তাঁরা মেট্রোরেল চান, তবে এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে নয়। যে রুট করা হয়েছে তার পাশে লাইব্রেরি রয়েছে, যাতে দৈনিক হাজার হাজার শিক্ষার্থী অধ্যয়ন করে। আর এতে ধ্বংস হয়ে যাবে মোগল আমলের তৈরি ঢাকা গেট, অন্ধকার হয়ে যাবে রাজু ভাস্কর্য। চারুকলা ইনস্টিটিউট ও কার্জন হলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আর এ কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা