শিক্ষকদের কাছে পাওনা টাকা ফেরত চাইল ঢাবি
যেসব শিক্ষক ছুটি নিয়ে বিদেশ গিয়ে আর ফিরেননি তাঁদের পাওনা টাকা পরিশোধের তাগাদা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রোববার বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষক শিক্ষাছুটি নিয়ে বিদেশ গেছেন। পরে আর বিশ্ববিদ্যালয়ে যোগদান না করায় তাঁদের চাকরির পরিসমাপ্তি করা হয়েছে। এ ছাড়া, অনেক শিক্ষক পদত্যাগও করেছেন।
‘কিন্তু সেসব শিক্ষককে চিঠি দিয়ে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য চার কোটি ৩৮ লাখ ৬৬ হাজার ৯৪৭ টাকা পরিশোধ করেননি।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্প্রতি সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাওনা সুদসহ অনতিবিলম্বে পরিশোধ করার জন্য তাঁদের পুনর্বার চিঠি দেওয়া হয়েছে। টাকা পরিশোধ না করা পর্যন্ত সুদের পরিমাণ বাড়তে থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা