সিলেটের দুই বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মবিরতি
তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আজ বুধবার দুপুরে শিক্ষক ক্যানটিনের সামনে থেকে মিছিল বের করে শাবি শিক্ষক সমিতি। মিছিলটি ক্যাম্পাস ঘুরে চেতনা ৭১-এর সামনে গিয়ে শেষ হয়।
পরে ওই এলাকায় আয়োজিত সমাবেশে শিক্ষক নেতারা তাঁদের আমলাদের সঙ্গে তুলনা না করে স্বতন্ত্র পে-স্কেল ঘোষণার আহহ্বান জানান।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি ড. আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ড. রেজা ই করিম খন্দকার, ড. কামাল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ সামসুল আলম বক্তৃতা করেন।
সমাবেশ পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আব্দুল গনি। আব্দুল গনি সাংবাদিকদের বলেন, ‘বরাবরই বলে আসছি আন্দোলন আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য আমার সম্মানের জায়গাটুকু ফিরিয়ে দেওয়া। যেদিনই বিষয়টি সমাধান হবে সেদিনই চলে আসব।’

মারুফ আহমেদ, সিলেট