রাবিতে চালু হচ্ছে স্মার্ট কার্ডের ব্যবহার
দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হতে যাচ্ছে স্মার্ট আইডেনটিটি কার্ডের ব্যবহার। আগামী দুই-তিন মাসের মধ্যেই এ কার্ডের ব্যবহার শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা।
গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় খাদেমুল ইসলাম এসব তথ্য জানান।
অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা জানান, বিভিন্ন ভবনে অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম (প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা) গেট বসানো হবে। আর এ কন্ট্রোলের সাহায্যে স্মার্ট আইডি কার্ড ব্যবহারকারীর যাতায়াতের বিষয়টি মনিটর করা যাবে। শুধু স্মার্ট কার্ডধারীরাই এ গেট অতিক্রম করতে পারবেন। এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ ঠেকানো যাবে বলে তিনি জানান।
খাদেমুল ইসলাম আরো বলেন, ‘এরই মধ্যে প্রশাসন ভবনে অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম গেট বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৮টি সেক্টরে এ কার্ডের ব্যবহার নিশ্চিত করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, মেডিকেল সেন্টার ও জিমনেশিয়ামেও এ গেট বসানো হবে। এ কার্ড অ্যাকসেস কন্ট্রোল ছাড়াও আবাসিক হল, ইন্টারনেট সার্ভিস, পেমেন্ট সিস্টেম, মেডিকেল কার্ড ও লাইব্রেরি কার্ড হিসেবেও ব্যবহার করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে জন্য ওই অধ্যাপক বলেন, যারা এখনো কার্ড পায়নি, তারা যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আইডি কার্ডের জন্য ফরম পূরণ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন, আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে একটি পাইলট প্রোগ্রামের মাধ্যমে প্রথম স্মার্ট আইডি কার্ডের ব্যবহার শুরু হয়। ২০১১ সালের মাঝামাঝি সময়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পরীক্ষামূলকভাবে ৩৯০টি কার্ড বিতরণের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়।

রাবি সংবাদদাতা