জাবিতে শীতকালীন ছুটি শুরু আজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শীতকালীন ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। ছুটি চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৩ জানুয়ারি থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২২ জানুয়ারি শুক্রবার ফাতেহা-ই-ইয়াজদহম হওয়ায় আলাদাভাবে কোনো ছুটি ঘোষণা করা হবে না।
এদিকে ক্লাস-পরীক্ষা না হওয়া এবং শীতকালীন ছুটির কারণে এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।
গত ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের ১৭টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত রয়েছে। আজ মঙ্গলবার অষ্টম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। তবে সেই কর্মবিরতি আজ বিকেলেই প্রত্যাহার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেছেন, কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে বিকেলে ঘোষণা দেওয়া হবে।

জাহিদুর রহমান