ঢাবির জহুরুল হক হলে বিতর্ক উৎসব শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শুরু হয়েছে চার দিনব্যাপী বিতর্ক উৎসব। হলের বিতার্কিকদের সংগঠন হাউজ অব ডিবেটরস ‘চপস্টিক পঞ্চম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৬’ আয়োজন করছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হল অডিটরিয়ামে উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. আখতারুজ্জামান।
উৎসবে ঢাকা ও ঢাকার বাইরে থেকে কলেজ পর্যায়ে ২৪টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০টি দল অংশগ্রহণ করছে। চার দিনব্যাপী অনুষ্ঠানের গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে দৈনিক যুগান্তর। অনুষ্ঠানের প্রথম দিন কলেজ বিতর্কের প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় বিতর্কের প্রথম, দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।
তৃতীয় দিন শনিবার বিতর্কের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
চতুর্থ দিন রোববার বিকেল ৪টায় চূড়ান্ত বিতর্ক শেষে সন্ধ্যা ৬টায় হবে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা