আগামীকাল থেকে রাবিতে আটদিনব্যাপী আন্তহল বিতর্ক প্রতিযোগিতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আটদিনব্যাপী ‘আন্তর্জাতিক মাতভাষা দিবস আন্তহল বিতর্ক প্রতিযোগিতা-২০১৬’ শুরু হবে আগামীকাল শনিবার। এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল থেকে মোট ২০টি দল অংশ নেবে।
আজ শুক্রবার সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার সভাপতি আবু সালেহ এ তথ্য জানান।
আবু সালেহ বলেন, ‘আগামীকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন। এতে বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত থাকবেন। ‘শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা’র উদ্যোগে আট দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অনুষ্ঠিত হবে। আগামী ২১ ফেব্রুয়ারি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।
আবু সালেহ আরো জানান, ‘যুক্তির শাণিত স্রোতে আঁকি মুক্তির মহাকাল’ স্লোগানে ২০১১ সালে ‘শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা’ প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ ছয় বছর ধরে সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল বিতর্ক প্রতিযোগিতা ও নিয়মিত বিতর্ক চর্চা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিতর্ক চর্চাকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ও সর্বত্র ছড়িয়ে দেওয়ার কাজ করে আসছে সংগঠনটি।

রাবি সংবাদদাতা