রাবিতে দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা-বিশ্ববাঙলা-২০১৬’।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আয়োজক সাহিত্য পত্রিকা ‘চিহ্ন’র প্রধান ও বাংলা বিভাগের শিক্ষক ড. শহীদ ইকবাল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘চিহ্ন’ তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করছে। দেশ-বিদেশের স্বনামধন্য তিন শতাধিক বাংলাভাষী লেখক-সম্পাদকের অংশগ্রহণে ৭ ও ৮ মার্চ এই মেলা অনুষ্ঠিত হবে। মেলাতে অংশ নিচ্ছে দেশ-বিদেশের ১১০টি ছোট কাগজের স্টল।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ‘চিহ্ন’র নির্বাহী রহমান রাজু বলেন, ৭ মার্চ সকাল ১০টায় শহীদুল্লাহ কলা ভবনের সামনে মেলা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন, উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অর্থনীতিবিদ অধ্যাপক সনৎকুমার সাহা প্রমুখ।
এরপর সকাল সাড়ে ১০টায় লেখক-পাঠক ও সম্পাদকদের সম্মিলিত উপস্থিতিতে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। ১১টায় ‘বাঙালির চোখে শীর্ষ বাঙালি’ শীর্ষক আড্ডা, বিকেল ৩টায় স্বননের ৭ মার্চের কবিতা আবৃত্তি, বিকেল ৪টায় লেখক-পাঠক-সম্পাদকদের শিরোনামহীন আড্ডা, বিকেল সাড়ে ৫টায় কবিকণ্ঠে কবিতা পাঠ-১ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় গান-আড্ডা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন মেলা শুরু হবে সকাল ৯টায়। সকাল সাড়ে ৯টায় কথাপ্রসঙ্গে : লেখক-সম্পাদকদের অভিব্যক্তি, দুপুর সাড়ে ১২টায় কবিকণ্ঠে কবিতা পাঠ-২, ৩টায় শিরোনামহীন আড্ডা-২, ৪টায় কবিকণ্ঠে কবিতাপাঠ-২ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় চিহ্ন পুরস্কার ও ছোটকাগজ সম্মাননা-২০১৬ প্রদান করা হবে।
পুরস্কার ও সম্মাননা সম্পর্কে চিহ্নপ্রধান শহীদ ইকবাল বলেন, চিহ্ন এ মেলার মাধ্যমে প্রান্তিক সাহিত্যিকদের তুলে আনার একটা প্রচেষ্টা। অনেক অবদান সত্ত্বেও যারা উপেক্ষিত, তাদেরই মূলত প্রাধান্য দেওয়া হবে। পুরস্কার হিসেবে দুজনকে নগদ ২৫ হাজার টাকা ও একটি সম্মাননা সনদ প্রদান করা হবে। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মোট সাতটি ছোট কাগজকে সম্মাননা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে ড. শহীদ ইকবাল বলেন, এই বিশ্ববিদ্যালয়ে অনেক সংগঠন অনেক ধরনের কর্মকাণ্ড করে থাকে। তাদের থেকে আমাদের চিহ্ন ও এই মেলা একটু ভিন্ন। কারণ এটি বাংলা ভাষাভাষী দেশ-বিদেশের কবি, লেখক, প্রকাশক, সম্পাদকের একটি মিলনমেলা। তবে এ ক্ষেত্রে আমরা একটু প্রান্তিকদের বেশি প্রাধান্য দিয়ে থাকি।
যারা মূলধারার মিডিয়ায় নেই অথচ নৈতিকতার জায়গা থেকে, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, মূলত আমরা প্রান্তের এই লেখক, প্রকাশক, কবি, সম্পাদকদের একত্র করার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করছি। আর এই আয়োজনে আমরা কোনো করপোরেট প্রতিষ্ঠানেরও কোনো সহযোগিতা নিচ্ছি না।
সাহিত্য পত্রিকা চিহ্ন ২০০০ সালে প্রথম প্রকাশিত হয়। লেখালেখি ছাড়াও সংগঠনটি ধারাবাহিক পাঠচক্র, রবিবারের আড্ডাসহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে একুশে বইমেলায় চিহ্নের ৩০তম সংখ্যা প্রকাশিত হয়।

রাবি সংবাদদাতা