ঢাবিতে ‘সন্ত্রাসবিরোধী রাজু দিবস’ পালিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাসবিরোধী শহীদ রাজু দিবস’ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঈন হোসেন রাজুর ঢাবির টিএসসির পাশে ‘সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ছাত্র ইউনিয়ন।
আজ রোববার সকালের এ অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও রাজুর মিছিলের সাথীরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। এ সময় তাঁরা তদন্ত করে রাজুর হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ বলেন, শহীদ মঈন হোসেন রাজু জীবন দিয়ে প্রমাণ করেছেন ছাত্রসমাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে।
ক্যাম্পাসে সরকারদলীয় ছাত্রসংগঠনের দখলদারত্ব, প্রশাসনের নগ্ন দলীয়করণের বিরুদ্ধে লড়াই চালিয়ে রাজুর চেতনা বাস্তবায়ন করার জন্য প্রগতিশীল সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
‘সন্ত্রাসবিরোধী রাজু দিবসের’ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৯২ সালের ১৩ মার্চ সন্ত্রাসবিরোধী মিছিলে ছাত্র ইউনিয়নের নেতা মঈন হোসেন রাজু নিহত হন।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা