আওয়ামীপন্থী শিক্ষকদের চাপে পেছাল জাবির ডিন নির্বাচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের দাবির মুখে পিছিয়ে গেছে পূর্বঘোষিত ডিন নির্বাচন। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের মেয়াদ উত্তীর্ণ ডিন নির্বাচন আগামী ১০ মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত হবে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে জাতীয়তাবাদী শিক্ষকদের চাপের মুখে ৩০ এপ্রিল ডিন নির্বাচনের তারিখ ঘোষণা করে অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী সময়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সবচেয়ে বড় সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডিন নির্বাচনের তারিখ পেছানোর জন্য চাপ দেয়। রেজিস্ট্রারের কাছে দেওয়া লিখিত এক চিঠিতে তারা নির্বাচন পিছিয়ে নতুন তারিখ ঘোষণার দাবি জানান।
আওয়ামীপন্থী শিক্ষকদের চাপের মুখে ডিন নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কাল জাবি মাতাবে মাইলস
ক্যাম্পাস মাতাতে কাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে’ গান গাইবে জনপ্রিয় এ ব্যান্ড দল।
সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ ‘নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শুরু হবে। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের মাঝে দুই হাজার বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে ‘নবীণ বরণ ও সাংস্কৃতিক’ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, জাকসুর সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

জাবি সংবাদদাতা