ঢাবিতে লাইন ফেটে পানিদূষণ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি হলে সরবরাহ করা পানিতে দূষণের আলামত পাওয়া গেছে। কর্তৃপক্ষ মাইকিং করে হলের বাসিন্দাদের পানি পান না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে ওয়াসা থেকে পানি নিয়ে এসেছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা জানান, গতকাল শুক্রবার বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল, হাজী মুহাম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল এবং কবি জসীমউদদীন হলের পানির সঙ্গে দূষিত উপাদান বের হয়ে আসছে।
আজ শনিবার সকালে শিক্ষার্থীরা এ বিষয়টি হল কর্তৃপক্ষকে জানান। পরে বিকেল ৩টায় কর্তৃপক্ষ মাইকিং করে পাঁচ হলের বাসিন্দাদের পানি ব্যবহার করতে নিষেধ করে দেয়। পাশাপাশি ওয়াসা থেকে পানি সংগ্রহ করে হলের সামনে এনে রাখা হয়।
হল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তিনটি পানির সরবরাহের রিজার্ভার রয়েছে। এর মধ্যে একটি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। এ রিজার্ভার থেকে আশপাশের হলগুলোতে পানি সরবরাহ করা হয়। ফলে জিয়া হলের এ লাইনটি ফেটে যাওয়ায় পানির সঙ্গে দূষিত পদার্থ বের হয়ে আসে।
তবে গতকাল এ আলামত দেখা গেলেও হল কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত ছিল না।
হলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা মনে করেছিলাম হয়তো পানির ট্যাংক পরিষ্কার করা হয়েছে। এ কারণে কিছুক্ষণের জন্য ময়লা বেরিয়ে আসছে।’
এ বিষয়ে মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘মুহসীন হলে পানির লাইনটা ছিল জিয়া হলের রিজার্ভারের সঙ্গে যুক্ত। জিয়া হলের পাম্পটা নষ্ট হয়ে গেছে, সেটা ইঞ্জিনিয়ার সেকশন আমাকে জানায়নি। আমি জেনেছি সকাল সাড়ে ১০টায়। পরে পানির বিকল্প ব্যবস্থা নেই। বিকেলে ওয়াসার সঙ্গে কথা বলে তিনটি পানির ট্যাংক বসানো হয়।’
এ বিষয়ে জানতে চাইলে জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়া রহমান বলেন, পাম্পের সমস্যা হয়েছে। রাত ১২টার মধ্যে ঠিক হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা