রাবিতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সুবিধার দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দিতে যে রাউটারগুলো রয়েছে ক্যাম্পাসে, তার বেশির ভাগই থাকে অকেজো। কিংবা সক্রিয় থাকলেও থাকে না ইন্টারনেটের গতি। এসব সীমাবদ্ধতা দূর করে রাবিতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাইয়ের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো স্মরণিকা ইসলাম শীতল।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবির কথা জানান।
দীর্ঘদিন ধরে রাবির ইন্টারনেট সেবার বিষয়টি পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে শীতল বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ১৮০ টাকা করে মোট প্রায় ৪৫ লাখ টাকা কর্তৃপক্ষকে দিতে হয়। অথচ বছরের বেশির ভাগ সময় এই ইন্টারনেট সংযোগ অচল থাকে। আর দুর্বল গতিসম্পন্ন ইন্টারনেট বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল স্বপ্নকে করে দিচ্ছে নড়বড়ে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও সব ধরনের তথ্যপ্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে হচ্ছে।
স্মরণিকা ইসলাম শীতল আরো জানান, কর্তৃপক্ষকে টাকা দেওয়ার পরও পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা না থাকায় নিজ উদ্যোগে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করায় তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। প্রয়োজনীয় স্থানে রাউটার স্থাপন, মেরামত, রাউটারের মান বাড়ানোসহ ইন্টারনেট সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় কো-অর্ডিনেটর আফসানা বেবীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. কামাল পাশা, ড. মো. গোলাম ফারুক সরকার, দর্শন বিভাগের শিক্ষক ড. মো. আসাদুজ্জামান, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ড. মো মাসুদুল হাসান খান।

রাবি সংবাদদাতা