জাবির ১০ শিক্ষার্থী পেলেন জাপানের এনইএফ বৃত্তি
জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের (এনইএফ) প্রথম পর্যায়ের বৃত্তি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপাচার্য ড. ফারজানা ইসলাম আজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ছয় মাসের বৃত্তির অর্থ তুলে দেন।
এ সময় উপাচার্য বলেন, বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামো উন্নয়নে জাপান সবসময় এগিয়ে এসেছে। এ জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সম্প্রতি বাংলাদেশে জঙ্গি হামলায় কয়েকজন জাপানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ড. ফারজানা ইসলাম। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি কোনো অপশক্তি জাপান-বাংলাদেশের বন্ধুত্ব বিনষ্ট করতে পারবে না। জাপানের এনইএফের এই অ্যাওয়ার্ড তারই প্রমাণ বহন করে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খবির উদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলী আজম তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা প্রকৃতি সংরক্ষণ বিষয়ে শিক্ষা-গবেষণার সুযোগ পাবেন বলে জানিয়েছে জাবির জনসংযোগ বিভাগ।

জাবি সংবাদদাতা